

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্বৃত্তের লাথিতে অন্তঃসত্তার গর্ভপাত এবং নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি মোঃ সোহাগ শিকদারকে গ্রেফতার করা হয়েছে।
গর্ভবতী নারীকে মারধর, তাঁর গর্ভের সন্তানের মৃত্যু এবং পরিবারের অন্যান্য সদস্যদের হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি সোহাগ সিকদারকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন চাকামইয়া গ্রামের মোঃ ফোরকান সিকদারের ছেলে।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৬ সেপ্টেম্ব অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে ভিকটিম মোছাঃ তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং ভিকটিমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও রয়েছে।
মারধরের একপর্যায়ে আহত গর্ভবতী নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাসের গর্ভের সন্তানের গর্ভপাত হয়। পরে সন্তানটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা প্রধান আসামি সোহাগ সিকদারকে গ্রেফতারের করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
