ঢাকা
প্রকাশিত : October 11, 2026
আপডেট: October 11, 2026
প্রকাশিত : October 11, 2026

রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

এস এম আওলাদ হোসেন। সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরের রায়পুরে স্বামীকে আটকের পর মারধর ও ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষের নারাজি আবেদন মঞ্জুর করেছেন আদালত। দীর্ঘ শুনানি শেষে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি রায়পুর আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল আহাদ শাকিল পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর রায়পুর-চাঁদপুর সড়কের চরপাতা ইউনিয়নের বর্ডার বাজার এলাকা থেকে আবদুর রহিম রনিকে আটকের পর মারধর এবং তাঁর কাছে থাকা গরু বিক্রির ৯০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁর স্ত্রী রিনা আক্তার ২৭ ডিসেম্বর সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

মামলাটির তদন্ত প্রথমে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে (এসপি) দেওয়া হয়। ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন করলে পরবর্তী সময়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনেও অসন্তোষ প্রকাশ করে নারাজি দেন বাদী। পরে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন।

গত ২ জুলাই সিআইডি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের বিরুদ্ধেও গত ১৭ আগস্ট নারাজি আবেদন করেন বাদীপক্ষ। রোববার দীর্ঘ শুনানি শেষে আদালত নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের বিষয়ে যথাযথ তদন্ত না করে তাঁদের দ্বারা প্রভাবিত হয়ে প্রতিবেদন দাখিল করেছেন বলে বাদীপক্ষের অভিযোগ। তাঁর দাবি, রায়পুর থানা ও হাসপাতালের সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়নি। এ ছাড়া বাদীপক্ষের সাক্ষীদের জবানবন্দিও যথাযথভাবে আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

আইনজীবী আরও বলেন, তদন্তের এসব ত্রুটির অভিযোগ তুলে সিআইডির প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আবদুর রহিম রনিকে আটক করা হয়। সে সময় তাঁর কাছে গরু বিক্রির ৯০ হাজার টাকা ছিল, যা অভিযুক্ত পুলিশ সদস্যরা নিয়ে যান বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী রিনা আক্তার। পরে থানায় নিয়ে রনিকে মারধর করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, স্বামীর সন্ধান পেতে বিভিন্ন দপ্তরে যোগাযোগের পর রায়পুর থানার এক উপপরিদর্শকের (এসআই) কাছে তাঁর বিষয়ে জানতে চান রিনা আক্তার। এ সময় স্বামীকে ছাড়িয়ে নিতে দুই লাখ টাকা দাবি করা হয় এবং টাকা দিতে না পারলে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগের বিপরীতে ঘটনার পর রায়পুর থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৮ ডিসেম্বর ডাকাতির প্রস্তুতিকালে আবদুর রহিম রনিসহ দুজনকে অস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ (১), মো. আবু হানিফ (৩), মো. নুরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সফিক মিয়া ও সাখাওয়াত হোসেন এবং কনস্টেবল আতিক উল্যা ও ইউসুফ ঢালি।

মামলাটিতে অভিযোগের সত্যতা নির্ধারণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বাদীপক্ষ। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো বিচারিকভাবে প্রমাণিত হয়নি। আদালতের নির্দেশে পরবর্তী তদন্তে অভিযোগ, সাক্ষ্যপ্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের সুযোগ তৈরি হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram