

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী আঞ্চলিক সড়কের তুলসিঘাট সড়কে চিহ্নিত মাদককারবারি মিঠু ও হামিদা দম্পতিকে গ্রেফতার এবং শাস্তির দাবিতে গ্রামবাসীর ঝাড়ু মিছিল- মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় সার গুদামের সামনে ঝাড়ু মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাধিক মাদক মামলার আসামী এবং এলাকায় ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত মাদক কারবারি দম্পতি—মোন্নাফ মন্ডল মিঠু ও তার স্ত্রী হামিদা বেগমের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর ও গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের সাধারণ জনগণ।
এ মানববন্ধনে দুই গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন
মশিউর রহমান মিঠুন (ইউপি চেয়ারম্যান), জসিজার রহমান সঞ্জু, মিজানুর রহমান, সালাম নিয়া, নূর মোহাম্মদ প্রিন্সসহ অনেকে।
বলরামপুর ও পীরগাছা গ্রামের সর্বস্তরের সচেতন জনগণের আয়োজিত কর্মসূচিতে এলাকার শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, যুবসমাজ, শিশু-কিশোরসহ সকল শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়।
বক্তারা বলেন, অভিযুক্ত এই দম্পতির বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি ভূমিদস্যুতা, অবৈধ জমি দখল, দাঙ্গাবাজ ও মামলাবাজ হিসেবে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছেন।
চিহ্নিত মাদক কারবারি দম্পতির এই অপকর্ম কেবল এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে না। সমাজ ও পরিবারের মাঝে অশান্তি বৃদ্ধি করছে।
তাদের দাবী, প্রশাসন অতিসত্বর এই চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করতে হবে। প্রশাসন যদি অনতিবিলম্বে এই চিহ্নিত দম্পতিকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির মুখোমুখি না করে, তবে আগামীতে আরও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।
