ঢাকা
প্রকাশিত : September 27, 2026
আপডেট: September 27, 2026
প্রকাশিত : September 27, 2026

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮, আক্রান্ত ৪ গবাদিপশু

আবু তাহের, স্টাফ রিপোর্টার,গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচদিনের ব্যবধানে ফের তাণ্ডব চালিয়েছে একটি কুকুর। কুকুরটির কামড়ে আহত হয়েছে নারী ও শিশুসহ আটজন। এছাড়া আক্রান্ত হয়েছে চারটি গবাদিপশু। এর মধ্যে দুটি গরু ও দুটি ছাগল রয়েছে।
শনিবার রাত ৭টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মারুফ সরকার। সকাল থেকে দিনের নানা সময়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে এই ঘটনা ঘটে।

এর আগে গত ২০ আগস্ট একই উপজেলার বেলকা ইউনিয়নের দুটি গ্রামে শিয়ালের আক্রমণের শিকার হয়ে আহত রয়েছেন শিশু ও নারীসহ নয়জন। এছাড়া পরদিন ২১ সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনি গ্রামে কুকুরের কামড়ে নিহত হয়েছে সাত বছরের একটি শিশু ও আহত হয়েছে এক যুবক।

কুকুরের কামড়ে আহতরা হলেন, বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা (মন্ডলপাড়া) গ্রামের আঞ্জুমানআরা, ফলগাছা (মনিরাম) গ্রামের সফিয়াল মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫), মৃত মোজাহারের ছেলে রুবেল মিয়া (৩০) ও আব্দুল মান্নানের ছেলে আতোয়ার রহমান (৫০)।

এছাড়া দেওডোবা ও জামালহাট গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে আব্দুল হান্নান (৫০) ও তোফাজ্জল হোসেন (৭০), মৃত রয়েজ উদ্দিনের ছেলে ছবির মিয়া (৫৫), দেওডোবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহাগ মিয়া (৪)।
আহতদের মধ্যে আঞ্জুমানআরা, জহুরুল ইসলাম, রুবেল মিয়া ও আতোয়ার রহমানকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত হওয়ায় আতোয়ার রহমান ও আঞ্জুমানআরাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর চারজন পার্শ্ববর্তী পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে আঞ্জুমানআরা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ও আব্দুল হান্নানের গলায়, তোফাজ্জল হোসেনের দুই হাতে, ছবির মিয়ার শরীরে এবং শিশু সোহাগ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে, আতোয়ার রহমানের মুখ ও পায়ে, জহুরুল ইসলামের বাম হাতে এবং রুবেল মিয়ার ডান হাতে কামড় দিয়েছে কুকুরটি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণীসম্পদ বিভাগ ও স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার সকাল ৯টার দিক থেকে শুরু করে দিনের নানা সময়ে গ্রামগুলোতে ঢুকে কুকুরটি একে একে ৮ জনকে কামড়ে আহত করে। এছাড়া মানুষের ওপর হামলার পাশাপাশি কুকুরটি দুটি গরু ও দু’টি ছাগলকেও কামড়ায়। পরে এঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার চিকিৎসক মারুফ সরকার বলেন, কুকুরের কামড়ের শিকার হয়ে আসা এখানে আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ভ্যাকসিন ও আরআইজি দুটিই দেওয়া হয়েছে। কিছুটা গুরুতর হওয়ায় চারজনের দুজন আঞ্জুয়ারা বেগম ও আতোয়ার রহমানকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাইবান্ধা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. জোবাইদুল কবীর বলেন, কয়েকদিনের ব্যবধানে সুন্দরগঞ্জে আবারও একটি কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আটজন আক্রান্ত হয়েছে। এছাড়া দুটি গরু ও দুটি ছাগলসহ চারটি গবাদিপশুও আক্রান্ত হয়েছে। কামড়ের শিকার গরু ও ছাগলগুলোকে চিকিৎসার পাশাপাশি টিকা নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram