

সৈয়দপুর প্রতিনিধি:
সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে ভ্যান ছিনতাই হওয়া সেই বালক রেজোয়ান ফিরে পেল তার আয়ের উৎস।তার পরিবারের পাশে দাঁড়িয়েছে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ (বুধবার) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার আন্তরিক প্রচেষ্টায় এবং 'ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন'-এর সহযোগিতায় রেজোয়ানের পরিবারের হাতে একটি নতুন রিস্কাভ্যান তুলে দেন। ভ্যান গাড়ির পাশাপাশি পরিবারটিকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। এছাড়া অসহায় রেজোয়ানের পড়াশোনার সমস্ত দায়িত্বও গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কয়েকদিন আগে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন এমপি চেকপোস্টের কাছ থেকে রেজোয়ানের আয়ের একমাত্র অবলম্বন ভ্যান গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গাড়িটি হারিয়ে রেজোয়ানের কান্নার একটি হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সবার নজরে পড়ে।খবরটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। মানবিক এই উদ্যোগের বিষয়ে তিনি বলেন, "ছেলেটির কান্না আমাদের সবাইকে নাড়া দিয়েছিল।
অসহায় একটি পরিবারের আয়ের একমাত্র উৎসটি এভাবে হারিয়ে যাওয়ায় তারা চরম সংকটে পড়েছিল। আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ে তাদের পাশে দাঁড়াতে। নতুন ভ্যানটির মাধ্যমে পরিবারটি আবার স্বাবলম্বী হতে পারবে এবং রেজোয়ান নির্বিঘ্নে তার পড়াশোনা চালিয়ে যেতে পারবে।"নতুন ভ্যান ও খাদ্যসামগ্রী পেয়ে রেজোয়ানের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে। প্রশাসনের এই মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী
