

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ডেমরা থানার পশ্চিম বক্সনগর নিঝূমবাগ এলাকায় একটি বাড়ি থেকে দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
সিটিটিসি সূত্রে জানা গেছে, ডেমরা থানার পশ্চিম বক্সনগর নিঝূমবাগের গরীবের নেওয়াজ মসজিদ রোডের মোড়ের একটি বাড়িতে দুটি বোমাসদৃশ্য বস্তু পাওয়ার খবর পেয়ে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেখানে যায়।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান বলেন,আমরা বিকাল ৫ টায় খবর পাই। এরপর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট দুইজন আটক আছেন। এর বেশি কিছু আপাতত বলতে পারছি না। আমাদের ঘটনাস্থল থেকে দূরে রাখা হয়েছে।
