

সৈয়দপুর প্রতিনিধি:
পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে স্বাগতম র্যালি অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের তত্ত্বাবধানে বৃহস্পতিবার(১৩ আগস্ট) বাদ মাগরিব শহরের পুরাতন মুন্সীপাড়া খানকাহ জানাতুন নাঈম থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিতে ধর্মপ্রাণ মুসল্লি ও সুন্নি জনতা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খানকাহ জানাতুন নাঈমে এসে শেষ হয়। পরে সেখানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলী মেজবাহী, সোহেল রানা আশরাফী, হাফেজ বাশার আশরাফী, সৈয়দ আসিফ আশরাফী, নাদিম আশরাফী, ইরফান আশরাফী, সৈয়দ আবদুল্লাহ বাক্সী, মাওলানা মারগুব আশরাফীসহ আঞ্জুমানের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ। আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মমাস পবিত্র মাহে রবিউল আউয়াল।
এ মাসকে স্বাগত জানানো এবং মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা ও শান্তির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিকে ঘিরে শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে র্যালিতে অংশ নিয়ে মাহে রবিউল আউয়ালের তাৎপর্য তুলে ধরেন। পরে খানকাহ প্রাঙ্গণে মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
