ঢাকা
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৪
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৬
আপডেট: আগস্ট ৮, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৬

তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান পুনরায় গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।

আদালতের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ না করা এবং একই আদেশে তাকে গ্রেফতারের নির্দেশ থাকায় আজ শনিবার (৮ আগস্ট) তাকে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিবিআই জানিয়েছে, বিজ্ঞ চেম্বার জজ আদালতের ৬ আগস্টের আদেশ অনুযায়ী হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় এবং তাকে গ্রেফতারের জন্য পুলিশের প্রতি আদালতের নির্দেশ থাকায় আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আসামির পালিয়ে যাওয়ার আশঙ্কা রোধেও এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।

তবে হাইকোর্টের দেওয়া জামিন ৬ আগস্ট স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই দিন আদালত তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

আদালতের ওই নির্দেশনার পর হাফিজুর রহমানের অবস্থান শনাক্তে তৎপর হয় পিবিআই। পরে কেরানীগঞ্জের বাসায় তার অবস্থানের তথ্য পেয়ে আজ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই বলছে, আদালতের আদেশ যথাযথভাবে প্রতিপালন না করা এবং আসামির পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লায় নেওয়ার পর সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে।

২০১৬ সালের মার্চে কুমিল্লা সেনানিবাস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধারের পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। 

দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে নানা সময়ে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। মামলাটিতে নতুন করে হাফিজুর রহমানের গ্রেফতারের ঘটনাটি তদন্তের পরবর্তী ধাপ নিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram