

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে ৪০ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মাঝে ট্যালেন্টপুলে ২৪ জন ও সাধারন গ্রেডে ৬ জন বৃত্তি পেয়েছে। শিক্ষার্থীদের সফল কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে আনন্দ বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ জন বৃত্তি অর্জন করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২৪ জন ট্যালেন্টপুল এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অর্থাৎ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৭৫ শতাংশ বৃত্তি লাভ করে বিদ্যালয়টিকে রংপুর বিভাগের শীর্ষ অবস্থানে পৌঁছে দিয়েছে।
বিদ্যালয়ের এ সাফল্যের পিছনে শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের নিয়মিত সহযোগিতাকে মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সোহাগ বলেন, "এ অর্জন আমাদের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফল।
ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।"
বিদ্যালয়ের এ অসাধারণ অর্জনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে।
স্থানীয়দের প্রত্যাশা, জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দিনেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার মাধ্যমে এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাবে।
অভিভাবকরা জানান, প্রতিষ্ঠানটির পরীক্ষার্থীদের অতীতের ফলাফল ও রংপুর বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের মাঝে সন্তোষজনক ছিল।
