

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের চারজনসহ পাঁচজনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া। এ সময় তিনি বলেন, এই হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক বিষয় নয় এবং এটি হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক ইস্যুও নয়।
ঘটনাটিকে কেন্দ্র করে কেউ যেন দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শনিবার (দুপুরে) রায়পুর পৌরসভা এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এমপি আবুল খায়ের ভুঁইয়া বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলের দোসর একটি মিডিয়া কৌশলে ভুল তথ্য প্রচার করে এ ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমি তাদের সতর্ক করে দিচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সংশ্লিষ্ট ইলেকট্রনিক ও স্থানীয় মিডিয়ার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো উসকানিমূলক বা মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা এখানে রাজনীতি করতে আসিনি। মানবিক বিপর্যয় নিয়ে রাজনীতি করারও কোনো ইচ্ছা নেই। দেশের জনগণের খেদমত করাই আমাদের উদ্দেশ্য। চাইলে বিদেশে বসেও বিবৃতি দেওয়া যেত, কিন্তু আমরা বাস্তব পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে এসেছি।” বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, এমন মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল যদি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে, তবে তা অত্যন্ত দুঃখজনক।
এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডকে রাজনৈতিক বিতর্কের বিষয় না বানিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার আহ্বান জানান তিনি। এমপি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
