

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা নিলুপা ইয়াসমিন নিপাকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) জারি হওয়া প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক প্রয়োজনে তাঁকে রামগতি উপজেলা থেকে বদলি করে চন্দ্রগঞ্জ উপজেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৩০ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে নিলুপা ইয়াসমিন নিপা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং জনবান্ধব সেবার জন্য তিনি স্থানীয় জনগণের কাছে সুনাম অর্জন করেন।
উল্লেখ্য, এটি লক্ষ্মীপুর জেলায় তাঁর তৃতীয় দফা কর্মস্থল। নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এদিকে তাঁর এ পদায়নে চন্দ্রগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
স্থানীয়দের বিশ্বাস, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও সেবামুখী নেতৃত্বে নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম গতিশীল হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।
