

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলোচিত মা ও তিন মেয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অ্যাডিশনাল আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান।
শুক্রবার (২৬ জুন) তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের ওপর গুরুত্বারোপ করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিআইজি রায়পুর থানা পরিদর্শন করেন। সেখানে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা, পেশাদারিত্ব, জনসেবার মানোন্নয়ন ও দায়িত্ব পালনে সততা বজায় রাখার বিষয়ে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহা. আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, রায়পুরে সম্প্রতি সংঘটিত মা ও তিন মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম জোরদার করেছে। ডিআইজির এ পরিদর্শন তদন্ত কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
