

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর হত্যার ঘটনায় তার পিতা হাবিবুর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাত নাম উল্লেখ করা আসামি করে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই মামলায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ।
২৩ জুন মঙ্গলবার বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) পবিত্র কুমার সাইফুল্লাহ বারী হত্যা মামলা ও তিন আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২২ জুন রাতে মামলাটি গ্রহন করা হয়। মামলা নং ২৩ । ২১ জুন রোববার রাতে ৩নং আসামী এবং (২২ জুন) সোমবার রাতে এ মামলার ৪নং ও ৬নং আসামিকে বোনারপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে।
মামলার আসামীরা হলো বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদল আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, মুকুলের ছোট ভাই পলাশ,বোনারপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফ খন্দকার, বিএনপির সদস্য রবিউল ইসলাম, মোনারুল ইসলাম, বোনারপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহ আলম ।
গ্রেফতারকৃতরা হলেন, আশরাফ খন্দকার, রবিউল ইসলাম ও শাহ আলম।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পবিত্র কুমার বলেন, ঘটনার দিন এক আসামী আটকের পরে জিজ্ঞাসাবাদ করার পরে তার দেয়া তথ্য মতে, মঙ্গলবার রাতে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে গলায় ছুরিকাঘাত করেন।
ঘটনার পর একই রাতে জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।
এ হত্যা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই থেকে আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিযন্ত্রণে আনেন।
সাইফুল্লাহ বারী হত্যা ঘটনায় রাজধানী ঢাকাসহ গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। সোমবার(২২ জুন) বাদ আসর গাইবান্ধার তিনজন সংসদ সদস্য ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতিসহ বিপুল পরিমান নেতাকর্মীর উপস্থিতে বোনারপাড়া সরকারি আজহার আলী স্কুল মাঠে সাইফুল্লাহ বারীর জানাজা শেষে বোনারপাড়া সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়৷
