

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় একটি এজাহার দায়ের করার পর পুলিশ আজ বুধবার (১০ জুন ) অভিযুক্ত মো. সাব্বির খান ওরফে রাব্বিঐ (১৯) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রাব্বি উপজেলার সদর ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী উপজেলার বগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর রাজনগর গ্রামের এক দিনমজুরের মেয়ে। সে জন্মগতভাবেই বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী। গত ৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে কোনো এক সময়ে কিশোরীটি তার ছোট ভাইকে খোঁজার জন্য প্রতিবেশী বাঘা হাওলাদারের বাগানের পাশে যায়। এ সময় নির্জন স্থানের সুযোগ নিয়ে অভিযুক্ত রাব্বি ওই কিশোরীর ওড়না দিয়ে মুখ বেঁধে নিকটস্থ খড়ের গাদার পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
সম্প্রতি কিশোরীটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় বগা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পটুয়াখালী সদরের এক প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা শেষে চিকিৎসক জানান, ওই প্রতিবন্ধী কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
পরবর্তীতে পরিবারের লোকজন কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে ইশারায় ও ইতঃস্তত করে ঘটনার দিন রাব্বি তাকে জোরপূর্বক মুখ বেঁধে ধর্ষণ করেছে বলে জানায়। এঘটনার পর আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন ভিকটিমের মা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং প্রধান অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভিকটিমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য আগামীকাল সকালে তাকে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
