

আবু তাহের,গাইবান্ধা :
২১শে মে বৃহস্পতিবার " নারী স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে টেকসই বিনিয়োগ জোরদার করি" স্লোগানকে সামনে রেখে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস -২০২৬ উদযাপিত হয়েছে।
জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ইলতুতমিশ আকন্দ বলেন, সাঘাটা উপজেলার সকল প্রসবজনিত ফিস্টুলা রোগীকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের মাধ্যমে চিহ্নিত করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (CIPRB) এর সহায়তায় সঠিক সময়ে বিনামূল্যে অপারেশন করার ব্যবস্থা করা হবে।
CIPRB এর গাইবান্ধা জেলা কো-অর্ডিনেটর আবু বক্কর সিদ্দিক বলেন, সন্দেহভাজন প্রসবজনিত ফিস্টুলা রোগীকে সাঘাটা থেকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া, পজিটিভ প্রসূতি ফিস্টুলা শনাক্ত হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা মামস হাসপাতাল, ওজিএসবি হাসপাতাল, ঢাকা অথবা জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়ায় বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
অপারেশন পরবর্তী সকল মায়ের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। এই ক্ষেত্রে মাঠ পর্যায়ের সকল সেবাদানকারি, এনজিও ও স্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে রোগী সন্ধানে সহায়তা কামনা করেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারি ও নার্সগণসহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
