

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশের ময়লা ফেলা গর্তের পানিতে ডুবে মুস্তাকিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার শাহবাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন উপজেলার শাহবাজপুর গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বুলবুল ইসলাম।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিটের মধ্যে কোনো এক সময় বাড়ির আঙিনায় খেলতে খেলতে পরিবারের অগোচরে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে থাকা একটি ময়লা ফেলার গর্তে পড়ে যায় শিশু মুস্তাকিন। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে শিশুটির মা মোছা. কলি বেগম বাড়ির পাশের ময়লা ফেলার গর্তে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বুলবুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।
