

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদকঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দায়ের করা হত্যা মামলাসহ তিনটি মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন-কে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে একই মামলাগুলোতে তিনি জামিন চেয়ে আবেদন করেছিলেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ইং সালের ২৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব। এর আগে, ২২ সেপ্টেম্বর আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরও আগে, ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি করেন নিহত রফিকুল ইসলামের স্ত্রী নাজিয়া আক্তার। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ মোট ১৯৫ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে সুজনকে আটক করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়, যা ইমরান হোসেন নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় দায়ের করা হয়েছিল।
