

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার খুঁড়িয়াখালী গ্রাম থেকে একটি মায়াবী চিত্রল হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।
রোরবার (১৯ এপ্রিল) সকাল ৮টার দিকে সুন্দরবন থেকে নদী সাঁতরে হরিণটি স্থানীয় বাসিন্দা জামাল মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে অথবা দলছুট হয়ে হরিণটি লোকালয়ে চলে আসে।খবর পেয়ে বনবিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, ভেজা শরীরে হরিণটি বাড়িতে ঢুকে পড়ে এবং পরে গ্রামবাসীর সহায়তায় সেটিকে নিরাপদে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া স্ত্রী হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। সকাল ১০টার দিকে রেঞ্জ অফিসসংলগ্ন বনে সেটিকে অবমুক্ত করা হয়।তিনি আরও বলেন, সুন্দরবনের প্রাণীদের মধ্যে হরিণ তুলনামূলক ভীতু স্বভাবের। হঠাৎ আতঙ্কজনক পরিস্থিতিতে তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে।
তবে প্রশিক্ষিত দলের তৎপরতায় হরিণটিকে সুস্থ অবস্থায় উদ্ধার ও অবমুক্ত করা সম্ভব হয়েছে।
