

মো. নজরুল ইসলামঃ মানিকগঞ্জ:
মানিকগঞ্জে "জ্বালানি সংকট রুখতে চাই, নবায়নযোগ্য শক্তির বিকল্প নাই“ এই আহ্বানে মানিকগঞ্জে পালিত হলো জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলায় পরিবেশ সুরক্ষায় সাইকেল যাত্রা ও আলোচনা সভা।
শনিবার১১ এপ্রিল সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক,গ্রিন কোয়ালিশন,সাইক্লিস্ট ক্লাব মানিকগঞ্জ ও স্থানীয় যুব স্বেচ্ছাসেবকদের উদ্যোগে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বিজয় মেলা) মাঠ থেকে শহরের আশেপাশে প্রায় ১৫ কিলোমিটারের এক বিশাল সাইকেল যাত্রা শেষে পুনরায় মাঠে এসে সমাপনী হয়।
সকালে বিজয় মেলা মাঠে কর্মসূচির উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। গ্রিন কোয়ালিশন সভাপতি কৃষিবিদ আব্দুল খালেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী(ক্রাইম এন্ড এপস), মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড.মোসাঃ মমতাজ সুলতানা, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জাফর ইকবাল, মানিকগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির প্রকৌশলী হাসিবুল হাসান,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান জ্বালানি সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো সূর্য ও বায়ুর মতো নবায়নযোগ্য শক্তির সঠিক ব্যবহার। সাইকেল চালানোর মাধ্যমে যেমন জীবাশ্ম জ্বালানি সাশ্রয় হয়, তেমনি পরিবেশ দূষণমুক্ত থাকে। সভায় বক্তারা মানিকগঞ্জের চরাঞ্চলে সোলার পাম্পের প্রসার এবং সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের বৃদ্ধি করতে হবে। কর্মসূচিতে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ ও মহিলা কলেজ শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং বারসিক-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে মানিকগঞ্জের নদী ভাঙন ও অসময়ের বন্যা বাড়ছে। এই সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এখনই টেকসই জ্বালানি নীতি বাস্তবায়ন করতে হবে।
