ঢাকা
১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৭
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬
আপডেট: এপ্রিল ৯, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

লেবাননে ইসরাইলি বিমান হামলা' নিহত ২৫৪'ফের হরমুজ প্রণালী বন্ধ

আজকাল বাংলা ডেস্ক:

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। বুধবার (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। লেবাননে হামলার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী। রাজধানী বৈরুত, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে রাতভর হামলায় বহু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে 'পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ' বলে অভিহিত করেছেন।


যুদ্ধবিরতির মধ্যে হামলা হয়েছে ইরানেও। বুধবার দেশটির ইসফাহান এবং কেরমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই হামলার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে দাবি করছে তেহরান। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরাইল এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

এমন পরিস্থিতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। 

তবে যুদ্ধবিরতি নিয়ে ঘরের মাঠে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি। বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ এই যুদ্ধবিরতিকে 'কূটনৈতিক বিপর্যয়' বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু কৌশলগতভাবে চরম ব্যর্থ হয়েছেন। চলমান অভিযান থেকে তিনি কোনো লক্ষ্যই পূরণ করতে পারেননি বলেও অভিযোগ লাপিদের।
 

এদিকে লেবাননে ইসরাইলি হামলার জেরে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ। একইসঙ্গে নেতানিয়াহুর হুঁশিয়ারির কড়া জবাব দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, শত্রুরা সামান্য ভুল করলে তারা পূর্ণমাত্রার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত।


এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয় পূর্ণ যুদ্ধবিরতি নয়তো ইসরাইলের মাধ্যমে প্রক্সি যুদ্ধ, যেকোনো একটি পথ বেছে নিতে হবে।

এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজ জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে বলে জানান প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তবে ভবিষ্যতে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনা হবে কি না, তা নিয়ে আলোচনা চলতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।


একই সুরে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তাবিত অস্ত্রবিরতি চুক্তিতে লেবানন ইস্যু অন্তর্ভুক্ত নয় বলে সাফ জানিয়েছেন তিনি। সাংবাদিকদের ভ্যান্স বলেন, লেবানন ইস্যুতে ইরান যদি সমঝোতা থেকে সরে আসে, তবে তা হবে চরম বোকামি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram