

আবু তাহের, স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাঘাটায় পূর্ব বিরোধের জেরে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ (বেড়া গ্রামের বাসিন্দা) সংরক্ষিত নারী সদস্য শাপলা বেগমের বাড়িতে দুর্বৃত্তদের হামলা মারপিট ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সাঘাটা থানায় কয়েকজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শাপলা বেগমের অভিযোগ, গত ২৬ মার্চ সকালে ৩০ থেকে ৩৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে ঢুকে গালিগালাজ, হামলা, এলোপাথারি ভাঙচুর চালিয়ে আতংক সৃষ্টি করে। বাঁধা দিলে শাপলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে মারধর করে আহত করা হয় বলে জানান।
এ সময় মেয়ের স্বর্ণের চেইন ও আংটি এবং হাতে থাকা একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। শাপলা বেগমকেও মারধর করে তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং শ্লীলতাহানি ঘটায়। এসময় দুর্বৃত্তরা তার শয়ন ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকা লুট করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা শাপলা বেগমের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়। আহত ওই নারী ইউপি সদস্য-মেয়েকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা গ্রহণ করেছে বলে জানা যায় ।
তবে স্থানীয় সূত্র জানা গেছে, শাপলা বেগমের সাথে চাকরির টাকা লেনদেনকে কেন্দ্র করে স্থানীয় আবু হানিফ তুহিনের পরিবারের সঙ্গে বিরোধের সূত্রপাত। সেই সূত্র ধরে প্রতিপক্ষের ওই ব্যক্তির নেতৃত্বে ওই ইউপি সদস্যের বাড়িতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শাপলা বেগম জানান থানায় অভিযোগ করেও পরিবারের লোকজন অবরুদ্ধ অবস্থায় আতঙ্কে রয়েছি।
এব্যাপরে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের সাথে দফায় দফায় মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
