

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরে কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন সার বিক্রেতারা। মঙ্গলবার (৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার সদর, রায়পুর ও কমলনগর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, রায়পুর উপজেলা সভাপতি মো. হানিফ, খুচরা সার বিক্রেতা আবুল কাশেমসহ অন্যান্য বিক্রেতারা।
বক্তারা অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল করেছে। এতে সার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট হাজারো পরিবার অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা বলেন, সারাদেশে প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে প্রায় ৫ কোটি কৃষককে নিয়মিত সেবা দিয়ে আসছেন। হঠাৎ করে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কৃষি খাতে বিরূপ প্রভাব ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দ্রুত লাইসেন্স বহাল রেখে খুচরা সার বিক্রেতাদের স্বাভাবিক কার্যক্রম চালুর সুযোগ দেওয়ার দাবি জানান বক্তারা।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, সরকারি নীতিমালা ও প্রজ্ঞাপন অনুযায়ী দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। খুচরা সার বিক্রেতাদের কার্ড বাতিলের বিষয়ে স্থানীয়ভাবে কিছু করার সুযোগ নেই বলে তিনি জানান।
