

আবু তাহের, স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে উপজেলা, পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতার বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় কয়েকজন নেতা-কর্মীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণের চেষ্টারও অভিযোগ তোলা হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল সভাপতিত্ব করেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পরিকল্পিতভাবে এসব হামলার ঘটনা ঘটানো হয়েছে। পাশাপাশি স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়ন ও পান বাজার হাট দখল এবং চাঁদা উত্তোলনের ঘটনাও তুলে ধরা হয়।
বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
