

নিলা, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ
মিথ্যা তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে গভীর রাতে অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাউফল উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলা জামায়াতের আমির মাওঃ মো. ইসহাক মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জামায়াতের নির্বাচন পরিচালক আতিকুল রহমান নজরুল, আইটি বিষয়ক কর্মকর্তা ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, অধ্যক্ষ কাজী আব্দুর দাইয়ানসহ স্থানীয় নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “গভীর রাতে মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনার মাধ্যমে পুলিশ প্রশাসন একটি বিশেষ দলের হয়ে কাজ করার প্রমাণ দিয়েছে"। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই ধরনের পক্ষপাতদুষ্ট আচরণের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না। জামায়াত একটি শৃঙ্খলাবদ্ধ ও সুসংগঠিত রাজনৈতিক সংগঠন।
পরিকল্পিতভাবে সংগঠনটিকে বিতর্কিত করতে যারা ৯৯৯-এ ফোন দিয়ে জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনায় উদ্বুদ্ধ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানান নেতৃবৃন্দরা। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি প্রশাসন একটি দলের হয়ে কাজ করে, তবে এই প্রশাসনের অধীনে বাউফলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসন দলকানা ভূমিকা পালন করলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
