

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনের সময় সেনাবাহিনীর গুলিতে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মো. হাবিব ইসলাম (২০)।
সংঘর্ষে নিহত শ্রমিক হাবিব ইপিজেডের ইকো কোম্পানিতে কাজ করতেন। হাবিব নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে।
জানা গেছে, উত্তরা ইপিজেডে অবস্থিত এভার গ্রিন কোম্পানির শ্রমিকরা গত দুইদিন ধরে শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন। আজ (২ সেপ্টেম্বর) বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সেনা সদস্যরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মো. হাবিব নিহত হন।
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
