

সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের কলাহাটিতে অবৈধ দখলদারদের বাধা দিতে গেলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজন শাহ, সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলীসহ আরও একজন দখলদারদের হামলার শিকার হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। দুপুর পর্যন্ত এ কর্মসূচি চলছিল।
অ্যাসোসিয়েশনের সভাপতি একাউন্ট্যান্ট আবু তাহের, প্রকৌশলী এমএ খালেক, সাঈদ, সাবেক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক সাবু প্রমুখ কর্মসূচিতে বক্তব্য দেন। তারা বলেন, ‘দখলদারদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
