

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে উপজেলার কালাইয়া খালগোড়ার চরে ভাসমান অবস্থায় ইমরানের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহত ইমরান শরীফ (২২) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের মনির শরীফের ছেলে।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্র জানাযায়, গত শুক্রবার দুপুরে ইমরান মাছ ধরার ট্রলার নিয়ে নিমদীঘাট থেকে কালাইয়া লঞ্চঘাটের উদ্যেশ্যে যাচ্ছিলেন। কচুয়া মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে যান ইমরান। পরে মানুষবিহীন ট্রলার নদীতে ভাসতে দেখে ইমরানের খোঁজ শুরু হয়।
শুক্রবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা তেঁতুলিয়া নদীতে অভিযান শুরু করে। খোঁজাখুঁজির পর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইমরানের চাচা মাসুম বিল্লাহ বলেন, সে (ইমরান) চন্দ্রদ্বীপ থেকে মাছ নিয়ে নিমদীঘাটে যায়। আড়ৎএ মাছ দিয়ে বরফ নেওয়ার জন্য কালাইয়া লঞ্চ ঘাটের দিকে রওনা হয়। বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। কচুয়া মুন্সি বাড়ি অতিক্রম করার সময় তুফানের কারণে ট্রলার থেকে ছিটকে পড়ে যায় সে। ওই ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে নদীতে ভাসতে থাকে। নদীর অন্য জেলেদের কাছে খবর পেয়ে আমরা পরিবারের লোকজন নদীতে যাই।
কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। টানা দুই দিন অভিযান চালিয়েও নিখোঁজ ইমরানের কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাদের অবহিত করেছেন।
