

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কের বর্তমান চিত্র দেখলে যে কেউ বলবে—এটি যেন একটি কৌতুক মঞ্চ। উন্নয়নের নামে চলছে লোকদেখানো সংস্কার কাজ, যা জনসাধারণের কষ্ট আরও বাড়িয়ে তুলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় এই মহাসড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, কোনো পরিকল্পনা বা গুণগত মান না রেখেই চলছে ইট, খোয়া ও সিমেন্ট ফেলে গর্ত পূরণের চেষ্টা।
এ যেন “চোখে ধুলো দেওয়ার” অপচেষ্টা। গর্তে সামান্য ইট ও খোয়া ফেলে চারপাশে ছড়িয়ে পড়েছে ইটের টুকরো। পাশে চলছে যান চলাচল, রিকশা-ভ্যান, পণ্যবাহী যান ও পথচারীদের চলাচল। এ অবস্থায় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।
গত ১৪ জুলাই প্রতিবাদে সওজ প্রকৌশলীসহ কর্মকর্তাদের প্রতিকী গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে খোদ সওজ কার্যালয়ের সামনে ছাত্র জনতা ও স্থানীয় জনসাধারণ। এতেও টনক নড়েনি সওজ কর্তৃপক্ষের।
স্থানীয় যাত্রী সাধারণ ও জনগণ জানান,“প্রতিদিন এই রাস্তায় ধুলোবালি আর ঝাঁকুনিতে অতিষ্ঠ জীবন। সংস্কারের নামে যা হচ্ছে, তাতে কোনো লাভ হবে না—কয়েক দিনের মধ্যেই আবার ভেঙে যায়।” জনমনে প্রশ্ন—কোথায় যাচ্ছে এই উন্নয়নের বাজেট? সাধারণ মানুষের অভিযোগ, বারবার টেন্ডার হয়, কাজের নামে টাকা বরাদ্দ হয়, অথচ রাস্তাগুলোর চিত্র বদলায় না।
দুর্নীতির রাক্ষসে উন্নয়নের সব স্বপ্ন ধুলিসাৎ হচ্ছে। জনস্বার্থে অবিলম্বে সড়কটি টেকসই ও মানসম্মত সংস্কার কাজ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সচেতন মহল। না হলে এই সড়কটি হবে দুর্ঘটনার স্থায়ী ফাঁদ।
