

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুর-জকসিন সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা পড়েছেন স্থানীয়রা।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনীতে সওজ অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই ব্যতিক্রমী কর্মসূচি হয়।
এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, ছাত্রনেতা মো. সারোয়ার, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।
বক্তারা বলেন, লক্ষ্মীপুর থেকে জকসিন পর্যন্ত সড়কটি বছরের পর বছর খানা-খন্দ আর ভাঙা-চোরায় ভরা। যানবাহন ও পথচারীদের জন্য এটি এখন মরণফাঁদ। আমরা বহুবার সওজ অফিসে গিয়েছি, লিখিত দিয়েছি।
নির্বাহী প্রকৌশলী কোনো কার্যকর উদ্যোগ নেননি। মনে হচ্ছে তিনি দায়িত্বে নেই নাকি মারা গেছেন? তাই আজ তার গায়েবানা জানাজা পড়তে হলো। অতিসত্বর সড়ক সংস্কার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে জানতে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাকে ফোনেও পাওয়া যায়নি।
