

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
দেশব্যাপী চাঁদাবাজী, সন্ত্রাসী কায়েম ও পুরান ঢাকায় পাথর নিক্ষেপ করে বর্বরতম হত্যাকান্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
আজ শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহুনী শহীদ আফনান চত্ত্বর থেকে 'জুলাই মঞ্চ লক্ষ্মীপুর জেলা' ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহুনী গিয়ে শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার সদস্য সচিব সাহেদুর রহমান রাফি, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, মু্খ্যপাত্র বাইজিদ হোসাইন, জুলাই মঞ্চ লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক বেলায়েত পাটোয়ারী, সদস্য সচিব বেল্লাল হোসাইন হৃদয়, বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদ কামাল, বিশিষ্ট সমাজ সেবক আফতাব উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
এদিকে এর আগে একই দাবীতে বিকেলে গণঅধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। শহরের দক্ষিন তেমুহুনী থেকে প্রতিবাদ মিছিল বের করে শহরের উত্তর তেমুহুনী আফনান চত্ত্বর গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে গন অধিকার পরিষদের জেলা কমিটির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা জানান, দেশে নতুন করে ফ্যাসিবাদ গড়ে তোলার চেষ্টা চলছে। চাঁদুপুরে মসজিদের ইমামকে কুপিয়ে রক্তাক্ত, পুরান ঢাকায় চাঁদার জন্য ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে বর্বরতম হত্যাকান্ড ঘটানো হচ্ছে। এদিন দেখার জন্যইকি জুলাই আন্দোলনে প্রান দিয়েছে ছাত্র-জনতা?এসময় সরকারের ব্যর্থতাকে দায়ী করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানা বক্তারা।
