

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কালের কন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলের সাথে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের ঔদ্ধাত্যপূর্ন আচরণ ও জেলে ভরে দেওয়ার হুমকির প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসুচী পালন করছেন।
শনিবার (২৪ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনকন্ঠের নিজস্ব প্রতিবেদক মো. কামরুজ্জামান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর এ.বি.এম মিজানুর রহমান, ডেইলী অবজারভারের আরেফিন সহিদ, মানবজমিনের মো. তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি ও ভোরের কাগজের অতুল পাল, সদস্য ও সমকালের জিতেন্দ্র নাথ রায়, সিনিয়র সহসভাপতি ও প্রতিদিনের সংবাদের মো. দেলোয়ার হোসেন, সদস্য ও কালবেলার এম.এ বাশার প্রমুখ।
এসময় বক্তারা বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের অপসারণ দাবী করেন। উল্লেখ্য, গত সোমবার বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে ইউএনওকে দাওয়াত না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই কমিটির সভাপতি ও কালের কন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলকে শাস্তি দিয়ে জেলে ভরে দেওয়ার হুমকি দিয়ে বলেন, আমি প্রজাতন্ত্রের এমন চাকর, মালিককে শাস্তিও দিতে পারি। হুমকির ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
