ঢাকা
প্রকাশিত : November 4, 2026
আপডেট: November 4, 2026
প্রকাশিত : November 4, 2026

সৈয়দপুরে তিন দিনব্যাপী বাউস্ট ইইই ফেস্ট সমাপ্ত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।

সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) তিন দিনব্যাপী বাউস্ট ইইই ফেস্ট সমাপ্ত হয়েছে।
গত ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে ওই ফেস্ট অনুষ্ঠিত হয়। বাউস্ট ইইই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের স্পন্সর ছিল হিকভিশন বাংলাদেশ ও বেটকো ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন আয়োজনে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব, রোবোটিকস ক্লাব এবং ফটোগ্রাফিক আই।

বুধবার (৪ অক্টোবর) শেষ দিনে জাতীয় পর্যায়ের প্রজেক্ট শোকেসিংয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তি নির্ভর প্রকল্প প্রদর্শিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রকল্প উপস্থাপন করেন। বাউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি ফেস্টে প্রদর্শিত প্রতিটি প্রকল্প ঘুওে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রকল্পের ধারণা, কার্যকারিতা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি প্রকল্পগুলো আরও সমৃদ্ধ করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি বাংলাদেশের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে কার্যকর সমাধান উদ্ভাবনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডীন, প্রধান, ছাত্রকল্যাণ উপদেষ্টা, বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আর এ আয়োজনটির সার্বিক পরিচালনায় ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছা. রুবিনা আক্তার।

প্রজেক্ট প্রদর্শনের পর জাতীয় পর্যায়ের রোবো সকার ও মিনি রোবো সকার প্রতিযোগিতায় নিজেদের তৈরি রোবট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলোর শেষ পর্বে অনুষ্ঠিত হয় লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীদের রোবট নির্মাণ, প্রোগ্রামিং ও নিয়ন্ত্রণের দক্ষতা প্রদর্শিত হয়।

লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতার পর অনুষ্ঠিত হয় রিসার্চ মেথডোলজি ফর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস : ফ্রম প্রপোজাল টু পাবলিকেশন’ শীর্ষক সেমিনার। এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। তিনি প্রকৌশল শিক্ষার্থীদের গবেষণার প্রস্তাবনা তৈরি থেকে শুরু করে গবেষণাপত্র প্রকাশনা পর্যন্ত বিভিন্ন ধাপ ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

প্রতিযোগিতা ও সেমিনার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাউস্টের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.)।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইইই বিভাগের শিক্ষার্থীদের বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করেছে। আর প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতার সমন্বয়ে তিন দিনব্যাপী এই উৎসবের পরিসমাপ্তি ঘটে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram