

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।
পিরোজপুরে বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে শহরের পুরাতন জেলখানার সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গাইবান্ধা জেলা কমান্ডের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। বীরমুক্তিযোদ্ধা মানিক পশারী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলার সাক্ষী ছিলেন।
পরে মুক্তিযোদ্ধা জেলা কার্যালয়ে সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা গাইবান্ধা জেলা কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মজিদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পলাশবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ফুলছড়ি উপজেলা আহবায়ক শহিদুল ইসলাম, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ না হলে আজ বাংলাদেশের স্বাধীন হতো না। যারা মুক্তিযুদ্ধ ও বীরমুক্তিযোদ্ধাকে অস্বীকার করে, তারা বাংলাদেশকেই মনে প্রাণে ঘৃণা করে। বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা ঘটনার সাথে জড়িতদের যথাযথ বিচারের দাবি জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর মৃত্যুবরণ করেন।
