

আবু তাহের, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী হাটের খেয়াঘাটে তেলের লরি আটকানোর ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ড নিজের নয় বলে দাবি করেছেন মো. সুজাউদ্দৌলা সুজা। সোমবার ভরতখালী হাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন।
লিখিত বক্তব্যে সুজা অভিযোগ করেন, তেলের লরি আটকানোর ঘটনাকে কেন্দ্র করে একটি মহল তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বিকেলে ভরতখালী হাটে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে হাট এলাকার তারেক মিয়া ও তাঁর সহযোগীরা তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগসংবলিত একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
সুজার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে থাকা কণ্ঠস্বর তাঁর নয়। তাঁর ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি কিংবা সম্পাদনা করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি প্রযুক্তিগত পরীক্ষার মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, অডিওটি ছড়িয়ে দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং তাঁর ও পরিবারের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ ধরনের প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অডিওটির উৎস, সত্যতা ও প্রামাণিকতা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান।
সুজা বলেন, তিনি আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। প্রকৃত তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার সুষ্ঠু নিষ্পত্তি চান তিনি। একই সঙ্গে তাঁর ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
