

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকালে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখেন।
নিহত আবুল কালাম লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম-ট্রাক তাঁর ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। পরে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ড্রাম-ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
