ঢাকা
প্রকাশিত : October 3, 2026
আপডেট: October 3, 2026
প্রকাশিত : October 3, 2026

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: আবুল খায়ের ভূঁইয়া

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া।

মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে আবুল খায়ের ভূঁইয়া বলেন, দলের নেতা তারেক রহমানের ভিশন বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্য ছাড়া দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, একজন চেয়ারম্যান, নয়জন পুরুষ সদস্য ও তিনজন নারী সদস্য—দলের পক্ষ থেকে যাদের মনোনয়ন দেওয়া হবে, তাদের বাইরে অন্য কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করবেন না। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তাকে সাংগঠনিকভাবে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

মনোনয়ন প্রত্যাশীদের ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানিয়ে আবুল খায়ের ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে যারা দলের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন, নিজেদের অর্থ, শ্রম ও সময় ব্যয় করেছেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তবে কোনো এলাকায় দলের ভালো প্রার্থী না থাকলে দলের সঙ্গে সরাসরি কাজ না করা হলেও স্থানীয়ভাবে গ্রহণযোগ্য এবং দলের পক্ষে ভোট নিশ্চিত করতে সক্ষম এমন ব্যক্তিকেও বিবেচনায় নেওয়া হতে পারে বলে জানান তিনি। এ ক্ষেত্রে সাংগঠনিকভাবে যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। দল-মত ও মতাদর্শের ভিন্নতা থাকলেও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায়ে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা দলের সঙ্গে সমন্বয় করে কাজ না করলে রায়পুরবাসীসহ পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ারা হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুল রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাকিল ফয়সাল, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক পৌর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম আলমাছ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ কাউসার মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরমান হোসেন, পৌর যুবদলের সদস্যসচিব জাহিদ মোহাম্মদ জাকির, সিনিয়র যুগ্ম আহমেদ, নবীউল্লা রুবেল, যুবদলের উপজেলা সদস্যসচিব সুজন পাটোয়ারী এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক ভূমিকা, জনসম্পৃক্ততা, দলের প্রতি আনুগত্য এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে ধারাবাহিকভাবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram