

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিরোধী রাজনৈতিক দলকে জড়িয়ে পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক প্রতিবাদ বিবৃতিতে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাস্টার রুহুল আমিন ভূঁইয়া এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।
এর আগে শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে তিনি বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত, বোমাবাজি ও ককটেলবাজির প্রসঙ্গ তোলেন।
প্রতিবাদ বিবৃতিতে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, এ্যানির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দল ও নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার যে ইঙ্গিত রয়েছে, তার পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার ভাষ্য, এ ধরনের বক্তব্য অসত্য, মনগড়া ও অনুমাননির্ভর এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
জেলা জামায়াতের আমীর আরও বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে তথ্যনির্ভর, দায়িত্বশীল ও যাচাই করা বক্তব্য প্রত্যাশিত। রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ হলেও কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠন সম্পর্কে অপ্রমাণিত অভিযোগ করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি এ্যানির প্রতি তার বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান। পাশাপাশি বক্তব্যের কোনো অংশ ভুলভাবে উপস্থাপিত হয়ে থাকলে তা স্পষ্ট করে প্রত্যাহারের অনুরোধ জানান।
বিবৃতিতে রুহুল আমিন ভূঁইয়া আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে একই মঞ্চে ভূমিকা পালন করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে ভবিষ্যতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূমিকা পালনে প্রস্তুত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
লক্ষ্মীপুরের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, পারস্পরিক সম্মান ও আইনের শাসনের স্বার্থে তথ্য-প্রমাণ ও দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্যের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানানো হয় বিবৃতিতে। একই সঙ্গে প্রতিপক্ষকে দোষারোপের রাজনীতি পরিহার করে সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায় জেলা জামায়াত।
উল্লেখ্য, শুক্রবারের বক্তব্যে এ্যানি বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, তাদের কিছু কর্মকাণ্ডের সঙ্গে অতীতে ফ্যাসিস্টদের কর্মকাণ্ডের মিল রয়েছে। তিনি বোমাবাজি ও ককটেলবাজির প্রসঙ্গও উল্লেখ করেন।
