

তৌসিফ রেজা, সৈয়দপুর নীলফামারী।।
নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘সৈয়দপুর বন্ধন শিল্পীগোষ্ঠী’র গৌরবের ৩১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, সাহিত্য আড্ডা, আবৃত্তি প্রতিযোগিতা, বন্ধন প্রতিষ্ঠাতা আব্দুর রহমান সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩:০০ ঘটিকায় কয়ামিস্ত্রীপাড়াস্থ ‘আশার আলো ডাম স্কুল’ প্রাঙ্গণে সংস্কৃতিমনা সুধী ও কবি-সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই উৎসবমুখর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
"শিকড়ের টানে ও স্বদেশের সুরে; একত্রিশ বছরের গৌরবান্বিত বন্ধন" শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাহের আলী বসুনিয়া। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক আজহারুল ইসলাম আল আজাদ, কবি ও সাংবাদিক এম. আর. আলম ঝন্টু, কবি মনজুর আলম, আশার আলো ডাম ইউসিএলসির টেকনিক্যাল অফিসার মো: বিল্লাল হোসাইন এবং ছড়াকার অনন্য আমিনুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি রইজ উদ্দিন রকি। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের দীর্ঘ ৩১ বছরের পথচলার স্মৃতি চারণ করেন এবং স্বাধীন চেতনায় সুস্থ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রথম পর্বের আলোচনা সভা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার এবং সাংবাদিকতা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুই জন গুণী ব্যক্তিত্বকে "বন্ধন প্রতিষ্ঠাতা আব্দুর রহমান সম্মাননা-২০২৬" প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বস্তু নিষ্ঠ সাংবাদিকতার অগ্রদূত সাংবাদিক মো. আমিরুজ্জামান এবং প্রবীণ কণ্ঠশিল্পী শ্রী নিরোদ কুমার রায়। সংগঠনের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও উত্তরীয় তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা ও সম্মাননা পর্ব শেষে বিভিন্ন জেলা হতে আগত কবিবৃন্দরা কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বন্ধন শিল্পীগোষ্ঠীর স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা মনমুগ্ধকর মাটির গান পরিবেশন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি রইজ উদ্দিন রকি এবং কবি চন্দন চন্দ্র মহন্ত।
