

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার ফুলছড়িতে উপজেলার উড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় অবৈধভাবে মজুত করে রাখায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ২১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ ঘটনায় এমদাদুল হক এন্তাজ নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী এমদাদুল হক এন্তাজের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মজুত করে রাখা ৫০ কেজি ওজনের ১৪ বস্তা টিএসপি এবং ৭ বস্তা পটাশ সার পাওয়া যায়। পরে কৃষি উপকরণ অবৈধভাবে মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এব্যাপারে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ বলেন, 'কৃষকদের জন্য বরাদ্দ সার অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যাতে ন্যায্য দামে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।'
