ঢাকা
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩২
প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৬
আপডেট: আগস্ট ৩০, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৬

শিক্ষিকা রনজিনা হত্যা: সন্দেহভাজন দুই যুবককে আটকের দাবি র‍্যাবের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় মূল সন্দেহভাজন ছিনতাইকারী মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে আটক করার দাবি করেছে র‍্যাব।

রবিবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র‍্যাবের কর্মকর্তাদের দাবি, ছিনতাইয়ের সময় মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল। তবে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের সঙ্গে জব্দ করা মোটরসাইকেলটির রং মিলছে না।

র‍্যাব জানিয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতা পনি গাজী ও তার সহযোগী সেড্রিককে আটক করা হয়। মোটরসাইকেলটি পনি গাজীর হেফাজতে ছিল।

র‍্যাবের দাবি, জব্দ করা মোটরসাইকেলটির মালিক রাকিব নামের এক ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব জানতে পারে, ঘটনার দিন মোটরসাইকেলটি পনি গাজীর হেফাজতে ছিল।

নিহত রনজিনা পারভীনের স্বামী আব্দুল মতিনও ঘটনাস্থলে ওই মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল বলে নিশ্চিত করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

তবে মোটরসাইকেলটির রং নিয়ে সিসিটিভি ফুটেজের সঙ্গে অমিল রয়েছে। ঘটনার সময় ধারণ করা সিসিটিভি ফুটেজে যে মোটরসাইকেল দেখা গেছে, তার রং এবং র‍্যাবের জব্দ করা মোটরসাইকেলের রং এক নয়।

পুলিশের তালিকায় পনি গাজী একজন পেশাদার ছিনতাইকারী বলে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজধানীর তেজগাঁও, শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পনি গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে।

যেভাবে নিহত হন রনজিনা

গত ২৯ আগস্ট সকাল সাড়ে ছয়টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বাগবারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন স্বামীর সঙ্গে চিকিৎসার জন্য ঢাকার ফার্মগেট এলাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন। তারা ব্যাটারি চালিত অটোরিকশায় ছিলেন।

অটোরিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী পেছন থেকে রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিনা পারভীনের স্বামী আব্দুল মতিন অজ্ঞাতনামা দুই ছিনতাইকারীর বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। গত ২৯ আগস্ট মামলাটি করা হয়। মামলার নম্বর ২৩। মামলায় দণ্ডবিধির ৩৯৪, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‍্যাব-২ জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram