

মো. ফোরকান, বাউফল পটুয়াখালী:
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েম বলেন, "এই অঞ্চলে একজন তাত্ত্বিক ছিলেন, নাম মাওলানা আবুল আ'লা মওদুদী। যেই মওদুদীর হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তৈরি হয়েছে; ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছে। মাওলানা আবুল আ'লা মওদুদীর রাজনৈতিক ভিশনের ওপর উপমহাদেশের সবকিছু দাঁড়িয়ে আছে। আমাদেরকে মাওলানা মওদুদীর মতো তাত্ত্বিক হতে হবে।"
শুক্রবার (২১ আগস্ট) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ফলাফল করে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সাদিক কায়েম এসব কথা বলেছেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডাকসু ভিপি আরও বলেন, "ইমাম হাসান আল বান্না, ইবনে সিনা, বদিউজ্জামান সাঈদ নূরসীর মতো লোক আমাদের দরকার। এই মানুষগুলো সমাজকে বদলে দিয়েছিল। পরবর্তীতে এদের আদর্শে আদর্শিত হয়ে এই বাংলার কিছু লোক সমাজকে নতুন করে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছেন—তাদের একজন হলেন শহীদ মীর কাশেম আলী।"
সাদিক কায়েম বলেন, "শহীদ মীর কাশেম আলী হলেন ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি। একজন মীর কাশেম আলী যে কত কাজ করেছেন, তা তোমরা তার জীবনী পড়লে জানতে পারবে। তিনি ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা করেছেন, মানবতার মুক্তির জন্য তিনি কাজ করলেন, সমাজে ইনসাফ কায়েমের জন্য কাজ করলেন। তিনি পার্বত্য চট্টগ্রামের চাকমা-মারমা-ত্রিপুরা যারা আছেন, তাদের জন্য কাজ করলেন, তিনি হাসপাতাল করলেন, স্কুল করলেন। আজ যে তোমরা ইসলামী ব্যাংক দেখছো, যেটা অর্থ ব্যবস্থায় একটা বিপ্লব করলো, এই ইসলামী ব্যাংক শহীদ মীর কাশেম আলীদের হাত ধরে তৈরি হয়েছে। ইবনে সিনা হাসপাতাল তাদের হাত ধরে তৈরি হয়েছে। বাংলাদেশের ট্যুরিজম সেক্টর যে এক্সপ্লোর করেছে, সেটাও কাশেম আলীদের হাত ধরেই হয়েছে।"
ডাকসু ভিপি সাদিক কায়েম আরও বলেন, "আমরা যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমাদের নেতৃত্ব তাদের কথা ও কাজের মিল থাকার প্রমাণ দিয়েছে। বাংলাদেশ রাষ্ট্র যেই সময়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেই সময়ে আমাদের দুইজন নেতা মন্ত্রী ছিলেন। তারা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে একটি দুর্নীতির প্রমাণ কেউ দেখাতে পারবে না। তাদের একজন হচ্ছেন শহীদ মতিউর রহমান নিজামী ও শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন থাকাকালেও তাদের বিরুদ্ধে এক পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেনি। এই ধরনের নেতৃত্ব যদি আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে।"
বাউফল উপজেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ফলাফল করে কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষার্থীদের শুভকামনা জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম, ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম ও ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের প্রমুখ। এ সময় উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২৩ কৃতি শিক্ষার্থীকে ফুল, শিক্ষাসামগ্রী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
