

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
নতুন ধরে আনা বিষাক্ত সাপকে খেলার প্রশিক্ষণ দেয়ার সময় সেই সাপের দংশনে আজাদুল ইসলাম ঘুটু (৩১) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্থানীয় একটি বাজারে এই সাপটি দিয়ে খেলা দেখানোর পরিকল্পনা ছিল সাপুড়ে ঘুটুর। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামে। নিহত ঘুটু ওই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
মঙ্গলবার সকাল ১০টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হেদায়েতুল ইসলাম। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ওই সাপুড়েকে হাসপাতালে নেয়া হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করতো এবং সাম্প্রতিক সময়ে তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতো। মঙ্গলবার বিকেলে শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে আয়োজিত পাতা খেলা উপলক্ষে সোমবার কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনে আজাদুল ইসলাম ঘুটু। পরে ওই সাপটিকে প্রদর্শনের জন্য খেলার প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করে। কিন্তু প্রশিক্ষণের একপর্যায়ে সাপটি হঠাৎ তাকে দংশন করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে।
পরে এই বিষ নামানোর জন্য পার্শ্ববর্তী জয়পুর হাটের কালাইয়ের শিবসমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে দ্রæত রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হেদায়েতুল ইসলাম বলেন, সাপে কাটা ওই রোগীকে হাসপাতালে আনার অনেক আগে তার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতলে আনা হয়েছিলো। সাপে কামড়ের রোগীকে দংশনের সাথে সাথেই ওঝার কাছে না নিয়ে হাসপাতালে নেয়া উচিৎ বলে জানান তিনি।
