

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও সবুজ বাউফল গড়ার লক্ষ্যে পটুয়াখালীর বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে সহস্রাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টায় বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন বাউফল পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ূন কবির।
এ সময় তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থীরা যদি নিজ নিজ বাড়িতে একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে অচিরেই বাউফল আরও সবুজ ও বাসযোগ্য জনপদে পরিণত হবে।”
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফিরোজ খান, পটুয়াখালী জেলা জাসসের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, বাউফল উপজেলা শ্রমিক দলের সভাপতি হাসান মাহমুদ মঞ্জু এবং বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করবে।
স্থানীয়রা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
