

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ:
"আর নয় রাসায়নিক কৃষি, এবার হবে জৈব কৃষি"—এই স্লোগানকে সামনে রেখে ক্ষতিকর ও নিষিদ্ধ কীটনাশক উৎপাদন, সরবরাহ, বাজারজাতকরণ ও ব্যবহারের বিরুদ্ধে মানিকগঞ্জে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কৈতরা কৃষক-কৃষাণী সংগঠন এবং ‘সবুজ সংহতি’র যৌথ উদ্যোগে গত ৯ সেপ্টেম্বর (বুধবার) মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নের কৈতরা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান আলোচনায় অংশ নেন কৈতরা কৃষক-কৃষাণী সংগঠনের সভানেত্রী হাসিয়া বেগম, সাধারণ সম্পাদক শিলা সরকার, সাংগঠনিক সম্পাদক ফরিদা আক্তার এবং বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান ‘বারসিক’-এর কর্মকর্তা কমল চন্দ্র দত্ত।
সমাবেশে বক্তারা বলেন, ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক কীটনাশক মানবদেহের জন্য এক মারাত্মক মরণব্যাধি। এই বিষাক্ত কেমিক্যালের অনিয়ন্ত্রিত ব্যবহার শুধু মানুষের স্বাস্থ্যকেই ঝুঁকিতে ফেলছে না, বরং সমগ্র প্রাণীকুলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে রাসায়নিক কীটনাশকের ব্যবহার রোধ করতে না পারলে এই অঞ্চলের জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়বে এবং বায়ুমণ্ডল মারাত্মকভাবে দূষিত হবে।
কর্মসূচি শেষে উপস্থিত কৃষক-কৃষাণীরা রাসায়নিক কীটনাশক সম্পূর্ণ বর্জনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি পরিবেশ রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে প্রত্যেকেই নিজ নিজ বসতবাড়িতে স্থানীয় জাতের বীজ সংরক্ষণ, জৈব সার প্রস্তুত এবং ক্ষতিকারক পোকা দমনে জৈব বালাইনাশক ব্যবহারের যৌথ অঙ্গীকার করেন।
