

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অভিযান চালিয়ে ১২৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৩০০ টাকাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম রায়পুর উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের মধ্য চরপাতা এলাকার করিমজান ব্যাপারী বাড়িতে এ অভিযান পরিচালনা করে।
আটককৃত নীলা আক্তার (২৫) মধ্য চরপাতা এলাকার মৃত বিল্লাল হোসেনের মেয়ে এবং পলাশের স্ত্রী।
ডিবি পুলিশের দাবি, অভিযানের সময় নীলা আক্তারের কাছ থেকে ১২৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক নীলা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়পুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
