

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধায় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন-এস.কে.এস এর স্মার্ট প্রজেক্টের সহায়তায় গাইবান্ধা পরিবেশ ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।
‘জলবায়ু পরিবর্তন ঃ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অর্চ প্রসাদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পরিবেশ আন্দোলনের নেতা-ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াজিউর রহমান রাফেল, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রজতকান্তি বর্মন, অবলম্বন এর নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী প্রবীর চক্রবর্তী, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম, প্রজেক্ট ম্যানেজার আবু সালেহ মো. শহীদ, স্মার্ট প্রজেক্টের ফুড প্রসেসিং অফিসার এটিএম সাদেকুর রহমান, পরিবেশ কর্মকর্তা মো. হাসান মাহমুদ, ইয়ুথ প্রতিনিধি মৈত্রেয় হাসান জয়িতা প্রমুখ।
আলোচকরা বলেন, যেভাবে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে, তাতে জলবায়ুর মারাত্মক পরিবর্তন হচ্ছে। এই অভিঘাতে মানবজাতিই এক সময় চরম হুমকির সম্মুখীন হবে। গাইবান্ধার ঘাঘট ও আলাই নদীর প্রসঙ্গ তুলে পরিবেশ সংরক্ষণে নদী দখল, নদী দূষণ বন্ধের কার্যকর পদক্ষেপের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
এর আগে পরিবেশ দিবসকে উপজীব্য করে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহর ও শহরের বাইরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শিরিন আকতার, সংগীত পরিবেশন করেন সোমা সেন, আশিক ও খোকন। পরে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
