

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:
পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে কিশোর রাহাতকে (১৫) হত্যার ঘটনায় গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামে অভিযুক্তদের বাড়িতে বুধবার সকালে বিক্ষুব্ধ পরিবার-স্বজনরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের লোকজন। অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ও রিফাত সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘিতে গোসল করতে নামে স্থানীয় তিন কিশোর সাকিব (১৫), রিফাত (১৫) ও রাহাত (১৫)। গোসলের সময় তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবাইতে থাকে। এতে রাহাতের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। পরদিন বুধবার সকাল ৮টার সময় নিহত কিশোরের পরিবার ও বিক্ষুব্ধ স্বজনরা বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় বিক্ষুব্ধরা বাড়ির ভেতরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করলে আশপাশের বাড়ির লোকজন ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়। এসময় ভাংচুরকারীরা প্রথমে জবান আলী ও পরে সাদেকুলের বাড়িতে ভাংচুর করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকত কারণ জানা যাবে।
