

আবু তাহের,স্টাফ রিপোর্টার;
গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় তাঁর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা ও ফুলছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ বলেন, “আমি সাঘাটা-ফুলছড়ি এলাকার মানুষের ন্যায্য অধিকার, সুশাসন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ গ্রহণ করতে আগ্রহী। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সংসদে তাদের কণ্ঠস্বর তুলে ধরতে চাই।
” তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠাই তাঁর মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের সুযোগ পাবে।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
