

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
ঢাকা- বাউফল ও দশমিনাগামী অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে ৫টি নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে।
আটককৃত মাছগুলোর মোট ওজন ৪৯৮ কেজি, যা প্রায় সাড়ে ১২ মণ। আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুর একটার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
জানাগেছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা, মারা, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও চোরাচালানের মাধ্যমে ঢাকা থেকে বাউফলে এসব মাছ আনা হয়।
বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলাপাতা মাছ আনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
