

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।
ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ হাজার ৩১০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৩১০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা।
অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দ করা শাড়ি ও কাভার্ড ভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
